বাংলাভূমি ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এই ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন, আহত হয়েছেন আরও অনেকে। পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাভূমি পরিবার এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাভূমি। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
বাংলাভূমি পরিবারের এক শোকবার্তায় বলা হয়—
“উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। পাশাপাশি আহতদের সুস্থতার জন্য দোয়া করছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতি আজ শোকাহত।”
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, বিমানটি প্রশিক্ষণ চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উদ্ধারকাজে নেমে আসে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী।
জাতীয় নিরাপত্তার স্বার্থে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, জনবহুল এলাকায় এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাভূমি পরিবার।


