স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের মধ্যে নিস্ক্রিয় একটি সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল। প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছাড়া সাধারণ এই সংগঠনটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বলে বিএনপির অনেক কর্মী মনে করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো যদি স্থানীয় সরকার নির্বাচনেও সরকার প্রভাব বিস্তার করে তাহলে জনগণ তার জবাব দেবে।’
তিনি বলেন, ‘বিরোধী দলের প্রার্থীর সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে। সব চেয়ে ভয়ঙ্কর হলো যৌথ বাহিনীর নামে ক্রস ফায়ার দেয়া হচ্ছে। সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন হলে ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী জয়লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।’
দ্রুতবিচার আইনের মেয়াদ ৫ বছর বাড়িয়ে মন্ত্রীসভা যে নীতিগত অনুমোদন দিয়েছে তার কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিরোধী দল দমনের জন্য বিভিন্ন উপায় খোঁজা হচ্ছে।’
তিনি বলেন, ‘স্বৈরাচার সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। আমরা জনগণের মুক্তির জন্য শপথ নিয়েছি।’

