গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার গ্রেফতার

প্রকাশিত: August 13, 2025 | সময়: 9:25 pm

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম—আহবায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে শহরের মান্দার তলার বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের পুত্র।
১৩ আগস্ট বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গোপালগঞ্জের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের দায়েরকৃত মামলায় সুজন সিকদারকে গ্রেফতার হয়েছে। গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলায় (মামলা নং—৩১) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।