পঞ্চম দফার তফসিল বৃহস্পতিবার

প্রকাশিত: February 19, 2014 | সময়: 10:15 am

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের পঞ্চম দফা তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার। সম্ভাব্য ভোটগ্রহণের দিন ৩১ মার্চ।

নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে চার দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় কারণে রংপুরের ৪টি উপজেলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এগুলো হলো- রংপুর সদর, পীরগাছা, কাউনিয়া ও গংগাচড়া। পীরগঞ্জের ভোট গ্রহণ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।

দ্বিতীয় দফায় ২৩ জানুয়ারি ১১৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি।

এর পর ৬ ফেব্রুয়ারি তৃতীয় দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় দেশের ৮৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৩ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৪২টি জেলার ৯২টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ২৬ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন ছয় দফায় সম্পন্ন করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু সামনে বর্ষা মৌসুম থাকায় এক দফা কমিয়ে পাঁচ দফায় সম্পন্ন করা হবে। তবে শেষ দফায় ৯৩ উপজেলার তফসিল ঘোষণা করার থাকলেও কয়েকটি উপজেলার মেয়াদ শেষ না হওয়ায় এগুলো পঞ্চম দফার কিছুদিন পর অনুষ্ঠিত হবে।