মোহাম্মদ মনজুরুল হক গাজী
গাজীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা,মহানবী (সা:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার নজির (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ড সুপারভাইজার মো.ইব্রাহীম খলিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার ড.চৌধুরী যাবের সাদেকের প্রতিনিধি মো.আবুল বাশার মিয়া (ডিআইও ওয়ান,ডিএসবি), জামায়াতে ইসলামী বাংলাদেশ—গাজীপুর জেলা আমীর ড.মো.জাহাঙ্গীর আলম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন—গাজীপুরের ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমীন মিয়া।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইসলামের নবী—মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মূল অনুষ্ঠানের আগে সকালে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা—ক্বেরাত, নাতে রাসুল (সা.), কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা— ইত্যাদিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ পত্র ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, গাজীপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকমন্ডলী, মহানগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মো. নূরে আলম।

