পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গত বছরের তুলনায় এ বছর ইলিশের সরবরাহ কমেছে। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিএফডিসির তথ্য অনুযায়ী, ২৪ আগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাথরঘাটায় ইলিশ উঠেছে প্রায় ৫০৩ মেট্রিক টন, (১৪ সেপ্টেম্বর ২৫ পর্যন্ত ) যা গত বছরের একই সময় ৭৯৮ মেট্রিক টন যা গত বছরের তুলনায় অনেক কম। ঘাটে সরবরাহ কম থাকায় পাইকারিতে বড় ইলিশ কেজিপ্রতি ২৫০০ থেকে ৩০০০ টাকা, মাঝারি ইলিশ ১৪০০ থেকে ১৮০০০ টাকা এবং ছোট ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলেদের দাবি, অতিরিক্ত ট্রলার, অনিয়মিত সময়ে জাল ফেলা ও প্রতিকূল আবহাওয়ার কারণে জালে ইলিশ কম পড়ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অক্টোবরের দিকে ইলিশের সরবরাহ কিছুটা বাড়তে পারে। বিভিন্ন আড়ৎদার জানান, গত বছরের তুলনায় ইলিশ উৎপাদন হলেও এবছর ইলিশের দাম বেশি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মনে করেন , প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা ও সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে ইলিশের জোগান কমেছে। তবে অক্টোবরের দিকে ইলিশ ধরা বাড়তে পারে। পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন মৌসুমের শেষভাগে জালে ইলিশ ধরা পড়লে ঘাটতি কিছুটা পূরণ হতে পারে।

