এরশাদকে অবসর নিতে বললেন কাজী জাফর

প্রকাশিত: February 22, 2014 | সময়: 9:56 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। এরশাদকে উদ্দেশ্য করে কাজী জাফর বলেন, যথেষ্ট হয়েছে এবার অবসর নিন। এবার আপনি পানি ঘোলা করার চেষ্টা থেকে বিরত থাকুন। শুক্রবার জাতীয় পার্টির উদ্যোগে বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একুশের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. পিয়াস করিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম আলম, আহসান হাবিব লিংকন, রফিকুল হক হাফিজ, মওলানা রুহুল আমিন, ছাত্রনেতা ফয়েজ ্আহম্মেদ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী।

সভায় মহাবুবুর রহমান বলেন, দেশের ক্রান্তিকালে কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির এই বীরোচিত ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ আছে। জনগণের আন্দোলন বৃথা যায় না। চলমান আন্দোলনও সফল হবে। ড. পিয়াস করিম বলেন, জাতীয়তাবাদী ধারা আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে থাকলে আমরাও রাজপথে নামব। তিনি কাজী জাফর আহমদকে আন্দোলনের কারিগর হিসাবে আখ্যায়িত করে বলেন, জনগণের বিজয় হবেই। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম