মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ চলে।
জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এ অবরোধের প্রতি সংহতি প্রকাশ করে মাঠে ছিলো ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কের পাশ্বের গাছ কেটে ব্যারিকেড দিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেন তারা। এছাড়াও মানিকছড়িতে সড়কের পাশ্বের গাছ কেটে ব্যারিকে দিয়েছিলো অবরোধ কারীরা।
খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিলো। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের সাপ্তাহিক হাট বারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিলো কম, বন্ধ ছিলো জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিলো । নৈশ কোচগুলো পুলিশ পাহারায় শহরে পৌঁছেছে।

