মুরাদনগরে মধ্যরাতে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান 

প্রকাশিত: October 28, 2025 | সময়: 6:11 pm

কুমিল্লা প্রতিনিধিঃ
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে সোমবার রাতে এক যৌথ অভিযান পরিচালিত হয়। আইন—শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলের লক্ষ্যে এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত।
নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর এলাকায় অভিযান এক দম্পতি মাদক সেবন ও বিক্রির মাধ্যমে স্থানীয় শান্তি—শৃঙ্খলা বিনষ্ট করছিল বলে অভিযোগ পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে হালিমা বেগম নামের এক নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান মাদক ব্যবসায় জড়িত এক দম্পতির বিরুদ্ধে তল্লাশি চালিয়ে আকলিমা আক্তার নামের এক নারীর পার্স থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫, ৪২০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃত আকলিমা আক্তার ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।
এসিল্যান্ড সাকিব হাসান খাঁন জানান, মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকমুক্ত মুরাদনগর গড়ে তুলতে এই অভিযান অব্যাহত থাকবে।