শাহজাদপুরে ছেলেকে বিক্রি করে হত্যার জন্য তুলে দিলো মা 

প্রকাশিত: November 8, 2025 | সময়: 7:39 pm

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে শাহ্জাদপুর থানা পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য, নিজ মায়ের কাছ থেকে দেড় লাখ টাকার বিনিময়ে ছেলেকে ‘কিনে’ প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে হত্যা করেছে আসামিরা। এ ঘটনায় গ্রেফতার হয়েছে পাঁচজন এবং শাহজাদপুর আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোররাতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে সড়কের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩০)। মৃত সিরাজুল একই গ্রামের বাসিন্দা।
ঘটনার পর নিহতের সিরাজুলের ছোট ভাই বাদী হয়ে প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নামে শাহজাদপুর থানার এসআই এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ টিম। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামিরা হলেন।
আল আমীন মন্ডল (৩৮)সেলিম মন্ডল (৩২)আমিরুল ইসলাম (৩৩)ওমর ফারুক (৩৮)আব্দুল গফুর প্রামাণিক (৫৫)
গ্রেফতারের পর আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার মূল ভয়াবহতা।
আসামিদের স্বীকারোক্তিমতে,পারিবারিক বিরোধ, জমিজমা নিয়ে বিবাদ এবং ব্যক্তিগত রাগ—হিংসার জেরে সিরাজুলকে হত্যার পরিকল্পনা করে আসামীরা। পরিকল্পনার অংশ হিসেবে সিরাজুলের নিজ মা দেড় লাখ টাকার বিনিময়ে ছেলেকে হত্যাকারীদের হাতে তুলে দেন।
পরিকল্পনা অনুযায়ী, ২৭ আগস্ট রাতে সিরাজুলকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে রাতের অন্ধকারে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় এবং রাতেই মরদেহ প্রতিপক্ষের বাড়ির পাশে সড়কে ফেলে দেওয়া হয়। গ্রেপতারকৃত আসামিরাই ছিলেন সেই হত্যা মামলার সাক্ষী।
শাহজাদপুর থানার ও সি আসলাম আলী যানায়, মায়ের সম্পৃক্ততা অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি আরও যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার তদন্ত চলছে এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।