মদুদীবাদী- মজিববাদী নই, আমরা জাতীয়তাবাদী- ওয়াদুদ ভূঁইয়া 

প্রকাশিত: November 13, 2025 | সময়: 8:05 pm

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করে একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলার গাড়িটানা থেকে শুরু করে তিনি তিনটহরি বাজার, মহামুনি, গচ্ছাবিল বাজার এবং শেষে সন্ধ্যায় গুইমারা বাজারে জনসভায় বক্তব্য দেন।
বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা মদুদীবাদী বা মজিববাদী নই, আমরা জাতীয়তাবাদী। এদেশের সকল সম্প্রদায়ের বাংলাদেশী জাতীয়তাবাদই ঐক্যের প্ল্যাটফর্ম। তিনি তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মতাদর্শের সমালোচনা করে বলেন, ওটা ইসলামি দল নয়, বরং মওদুদীবাদী দল—অনেকটা মজিববাদীর মত ইসলামবিরোধী দল।
তিনি আরও বলেন, অতীতে তার মানবসেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সম্প্রদায়িক সম্প্রীতির জন্য জনগণ তাকে মূল্যায়ন করেছে, এবং এবারও ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।