গজারিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে চরম অবহেলা

প্রকাশিত: January 13, 2026 | সময়: 8:25 pm

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকা বর্তমানে চরম অবহেলা ও অশোভন কর্মকাণ্ডের শিকার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের আশপাশে যত্রতত্র পঁচা ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে প্রস্রাবের মতো ন্যক্কারজনক দৃশ্যও চোখে পড়েছে, যা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্মৃতিস্তম্ভটি কার্যত একটি অঘোষিত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভবেরচর বাসস্ট্যান্ড ও আশপাশের দোকানপাট এবং ভাসমান ব্যবসায়ীরা নিয়মিত তাদের বর্জ্য এই এলাকায় ফেলে যাচ্ছেন। নিয়মিত পরিচ্ছন্নতা ও তদারকির অভাবে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ একটি জাতির ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক হলেও বর্তমান পরিবেশ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যাত্রী ও পথচারী এ এলাকা দিয়ে চলাচল করেন। এমন নোংরা ও অশালীন দৃশ্য দেখে সবাই বিব্রত ও মর্মাহত হন। সচেতন মহলের মতে,এই অবস্থা শুধু পরিবেশ দূষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি সরাসরি অসম্মান। তারা অবিলম্বে স্মৃতিস্তম্ভ এলাকা পরিষ্কার করা, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা চালু, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মর্যাদা আরও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।