৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পেরে একসময় ঠিকানা হয়েছিল তিহাড় জেল। জীবনের সেই কঠিন অন্ধকার অধ্যায় পেছনে ফেলে এবার রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব।
তিহাড় থেকে ফেরার পর অভিনেতা দাবি করেছেন, বর্তমানে তার হাতে প্রায় ১০০০ কোটি টাকার কাজ রয়েছে। সংবাদ সম্মেলনে নিজের আসন্ন প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন রাজপাল।
এ সময় তার পাশে ছিলেন আইনজীবী ভাস্কর উপাধ্যায়। অভিনেতা জানান, আগামী সাত বছরের জন্য তাঁর শিডিউল প্রায় প্যাকড। বর্তমানে তাঁর হাতে ১০টি বড় বাজেটের সিনেমার কাজ রয়েছে।
তবে শুধু সিনেমা নয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপন জগতেও দাপট দেখাতে চলেছেন এই অভিনেতা। রাজপাল জানান, চারটি বড় ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কোনোটির বাজেট ২০০ কোটি, আবার কোনোটি ২০০০ কোটির কাজ।
তবে সব ছাপিয়ে রাজপালের নতুন চমক হলো তার ডিজিটাল মাধ্যমে পদার্পণ। অভিনেতা বলেন, ‘অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম। অবশেষে নিজের নতুন কাজ শুরু করছি। একটি ইউটিউব চ্যানেল খুলছি আমি।’
‘যার মাধ্যমে দর্শক বিভিন্ন স্বাদের কনটেন্ট দেখতে পাবেন। ছোট-বড় সব বয়সের মানুষই এটি উপভোগ করবেন। সবাই আমার এই নতুন যাত্রার জন্য প্রার্থনা করবেন।’ রাজপাল যাদবের এমন আকাশচুম্বী কাজের ঘোষণায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

