গাজীপুরে সাবেক এমপি জি এম ফজলুল হক স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: April 7, 2026 | সময়: 7:10 pm

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর—৩ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার হুয়া—থাই সিরামিকস এবং হক ওভারসীজ লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মরহুম জি এম ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় হুয়া—থাই কারখানার ভেতরে শ্রমিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়া—থাই সিরামিকস কারখানার উপ—ব্যবস্থাপনা পরিচালক ও হক ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপক ব্যারিস্টার জিয়াউল হক জিকো, কারখানার মহাব্যবস্থাপক ইফতেখার চৌধুরী, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা সেলিম ভূইয়া, টাইলস মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ কারখানার কর্মকর্তা—কর্মচারী, মাদ্রাসার ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, কারখানা পরিচালনা, শ্রমিক কল্যাণ ও কর্মপরিবেশ-সব ক্ষেত্রেই জি এম ফজলুল হক ছিলেন মানবিক ও দূরদর্শী নেতৃত্বের দৃষ্টান্ত। তিনি শ্রমিকদের শুধুই কর্মী নয়, পরিবারের সদস্য মনে করে দেখভাল করতেন। শ্রমিকদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন ও আর্থিক সহায়তায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পরে মরহুম জি এম ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।