গাজীপুরে পূর্বশত্রুতার জেরে পিটিয়ে হত্যা, আহত ৩

প্রকাশিত: June 2, 2026 | সময়: 8:18 pm

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলাম ও তার ছোট ভাইয়ের মধ্যে কথা—কাটাকাটি চলছিল। এ সময় পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন, মুক্তারসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা আজিজুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হামলাকারীরা আজিজুলের বসতবাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে তার মা, ছোট বোন ও ছোট ভাইকেও মারধর করা হয়। এতে আরও তিনজন আহত হন।
ঘটনার পর নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম সহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। আজ সকালে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।