শ্রীপুরের পোশাক কারখানায় হঠাৎ রহস্যজনকভাবে শ্রমিক অসুস্থ গুরুতর ৭ জন 

প্রকাশিত: July 7, 2026 | সময়: 9:16 pm

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় হঠাৎ ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কারখানার একটি ফ্লোরে কাজ চলাকালে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা অনুভব করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই অনেক শ্রমিক অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, তাদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি শ্রমিকদের অধিকাংশেরই বমি, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা গেছে। গুরুতর অসুস্থ সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর অসুস্থ শ্রমিকরা হলেন—মোমেনা (২৮), মিনু (২৬), সনিয়া (২১), কাকলি (৩০), মারুফা (৩০), রায়তুন নাহার (২৭) ও মামুন (৩২)।
অসুস্থ শ্রমিক জেসমিন আক্তার জানান, কিছুদিন আগে একই ফ্লোরে লিজা বেগম নামে এক শ্রমিক অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে মারা যান। এবারও ওই ফ্লোরেই একাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
আরেক শ্রমিক মনিরা বলেন, একটি ফ্লোরের প্রায় সব শ্রমিকের মধ্যেই বমি, মাথা ঘোরা ও দুর্বলতার উপসর্গ দেখা দেয়। এরপর একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক সবুজ মিয়া অভিযোগ করেন, কারখানার সামনে ছবি ও ভিডিও ধারণের সময় কারখানা কর্তৃপক্ষ তার মোবাইল ফোন নিয়ে নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।