শরণখোলায় নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি; অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে ইলিয়াস

প্রকাশিত: August 3, 2026 | সময়: 7:48 pm

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের অভিযানে ইলিয়াস তালুকদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে দা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের ওয়াপদা কলোনি এলাকায় ইলিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ নদী থেকে তাকে আটক করে।

পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ইলিয়াস তালুকদার ওই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াসের বিরুদ্ধে এর আগেও মাদক—সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান। বর্তমানে তার বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওয়াপদা কলোনির বাসিন্দা কুলসুম বেগম বলেন, এলাকায় মাদকসেবীদের আনাগোনায় আমরা দীর্ঘদিন আতঙ্কে ছিলাম। গ্রেপ্তারের পর স্বস্তি অনুভব করছি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৩ আগস্ট) ইলিয়াসকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।