শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাদারীপুর—২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মাদক, মানব পাচার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, ‘অপরাধী যে—ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক, মানব পাচার ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়েও ইতিবাচক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা খাইরুন নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক এবং রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান (লেবু) কাজী, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রুহুল আমিন সবুজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক—শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মানব পাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

