নীতিমালা অনুযায়ী হবে হকার পুনর্বাসন, মূল সড়কে বসতে পারবে না হকাররা

প্রকাশিত: August 17, 2026 | সময়: 7:28 pm

অনলাইন ডেস্ক:

ঢাকার মতো দ্রুত বর্ধনশীল মেগা শহরে জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুশৃঙ্খল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হকার ব্যবস্থাপনাসংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর ও এর নাগরিকদের নাগরিক সুবিধা বহাল রাখতে হলে সুশৃঙ্খল হকার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা যেমন হকারদের জীবিকা বন্ধ করতে চাই না, তেমনি সারাদেশের ভাসমান মানুষকে হকার রূপে ঢাকায় পুনর্বাসন করাও সম্ভব নয়।

​হকার ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমরা সবাই হকার সমস্যার একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান চাই। সরকার কর্তৃক জারি করা নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি দেওয়া সাপেক্ষে হকারদের নিবন্ধন, নিয়মিত নবায়ন এবং নির্ধারিত সড়ক ও সময়ে ব্যবসা করার শৃঙ্খলা মেনে চললেই এ সমস্যার টেকসই সমাধান সম্ভব।

 

সূত্র: ঢাকা পোষ্ট