দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয় সংলগ্ন ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন

প্রকাশিত: August 24, 2026 | সময়: 7:54 pm

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গড়িয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্রিজের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। ব্রিজটি গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়িয়াডাঙ্গা জামে মসজিদ ও ঈদগাহসংলগ্ন হওয়ায় প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় ব্রিজটির সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

স্থানীয়রা জানান, গড়িয়াডাঙ্গা ও খেজুরবাড়িয়া এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল এই ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতের সময় কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। ভাঙা অংশ দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কাও ছিল সবসময়।

সংস্কারকাজের উদ্বোধনকালে আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একটি এলাকার উন্নয়ন শুধু বড় বড় স্থাপনা নির্মাণের মাধ্যমে হয় না; মানুষের দৈনন্দিন চলাচলের সমস্যা সমাধান করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী দুর্ভোগের মধ্যে ছিলেন। তাদের সমস্যার কথা বিবেচনা করেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হবে।

মাওলানা অলিউল ইসলাম আরও বলেন, ‘জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমার লক্ষ্য। ভবিষ্যতেও পারুলিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।’

সংস্কারকাজ শুরুর সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে ব্রিজটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব গোলাম ফারুক হোসেন নিজের হাতে বাঁশ কেটে সংস্কারকাজের প্রয়োজনীয় প্রস্তুতি ও কাজের ধরন দেখিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব গোলাম ফারুক হোসেন, দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এইচ এম ইমদাদুল হক, সমাজসেবক সোহারাব হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর, সোয়েব আলী, রবিউল ইসলাম, মুকুল আহমেদ, নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক—শিক্ষার্থী ও এলাকাবাসী।

ব্রিজটির সংস্কারকাজ শুরু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কারকাজ শেষ হলে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি গড়িয়াডাঙ্গা ও খেজুরবাড়িয়া এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগও অনেকটা কমে আসবে।