স্টাফ রিপোর্টর:
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের ইমাম সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে আয়োজিত এ সম্মেলনে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম—খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের আহ্বায়ক আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ—সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি মাসউদুল করিম কাসেমী এবং আল—জামিয়া দারুল উলূম হাড়িনালের মুহতামিম মুফতি সানাউল্লাহ।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের সদস্যসচিব মাওলানা আব্দুল হান্নান বেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব, উলামায়ে কেরাম এবং সুধীজন বক্তব্য রাখেন। বক্তারা ইমাম সমাজের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে আগামী দিনের জন্য মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পাঁচটি পদে দায়িত্বশীল নির্বাচন করা হয়। এতে আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা মনিরুজ্জামান সরকারকে সিনিয়র সহ—সভাপতি, মাওলানা আব্দুল হান্নান বেলালীকে সাধারণ সম্পাদক, মুফতি আলমগীর হোসাইন যশোরীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাহাদাত হোসাইনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত পাঁচ দায়িত্বশীলকে মহানগর কমিটির অবশিষ্ট ৩৩ সদস্য নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
নবনির্বাচিত দায়িত্বশীলরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ইমাম—খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন ও কাউন্সিল শেষে দেশ, জাতি, উলামায়ে কেরাম ও ইমাম—খতীবদের কল্যাণ এবং সংগঠনের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

