গাজীপুরে আলোচিত গণধর্ষণ মামলায় সজীব নামে আরও এক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: September 28, 2026 | সময়: 6:42 pm
রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় চুরির অপবাদ দিয়ে এক নারী পোশাক শ্রমিককে মারধর ও আটকে রেখে গণধর্ষণের ঘটনায় সজীব নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে এ ঘটনায় জাহানারা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল দুইজনে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় চুরির অপবাদ দিয়ে ৩৩ বছর বয়সী ওই পোশাক শ্রমিককে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। পরে কয়েকজন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জয়দেবপুর থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। ওই দিনই মামলার এজাহারভুক্ত আসামি জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার রাতে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।