ছাওতুল হেরা আইডিয়াল মাদ্রাসায় পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: October 3, 2026 | সময়: 6:36 pm

মোঃ জিয়াউর রহমান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে ছাওতুল হেরা আইডিয়াল মাদ্রাসার ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে স্বপ্ননীড়, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা—সংলগ্ন উত্তর আউচপাড়ার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও প্রোগ্রেস কার্ড তুলে দেওয়া হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যাপক ও বালাদিল আমিন মসজিদের খতিব মো. সাইদুর রহমান, সাবেক খতিব মাওলানা মনির আহমদ খান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হাসান মো. ইব্রাহিম এবং নূর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর মোহাম্মদ নুরসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ক্বিরাআত ও হামদ—না’ত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মাদ্রাসার মুহতামিম জানান, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক হয়েছে। নাজারা ও হিফজ বিভাগের পাশাপাশি সাধারণ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনেও শিক্ষার্থীরা ভালো ফল করেছে।
অনুষ্ঠানে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার ও স্মারক তুলে দেওয়া হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয় এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।

অভিভাবকেরা মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। শেষে দেশ, জাতি ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।