টঙ্গীতে ১০ ককটেল ও দুই ব্যানার উদ্ধার, নিষ্ক্রিয় করতে যাচ্ছে বোম ডিসপোজাল টিম

প্রকাশিত: October 3, 2026 | সময়: 7:15 pm

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে সকালে ককটেলগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে টঙ্গী পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। রাত প্রায় ২টা থেকে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় রেখেছে বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। টিমটি ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়ায় ককটেলগুলো নিষ্ক্রিয় করবে।

এদিকে উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদপ্রত্যাশী হিসেবে মো. ফরিদ, মো. হাবিবুর রহমান, মো. বাবুল ও আলী আকবরের নাম রয়েছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী, সাজিদ হোসেন দিপু, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়েছে।

ককটেল ও ব্যানারগুলো একই এলাকায় পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে ককটেলগুলো সেখানে কারা রেখেছে এবং ব্যানারগুলোর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বোম ডিসপোজাল টিমের কার্যক্রম শেষে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। পাশাপাশি ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।