কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: October 13, 2026 | সময়: 8:05 pm

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস—২০২৬ পালন উপলক্ষে দুর্যোগ প্রশমনের মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ বিষয়ক এই বিশেষ মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি‘ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মহড়া প্রদর্শন করেন।

সচেতনতামূলক বক্তব্যে প্রধান অতিথি জানান, দিবসের মূল লক্ষ্য ও তাৎপর্য হলো— প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানো এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। দুর্যোগ সহনশীল আবাসন নির্মাণ, শক্তিশালী গৃহস্থালি প্রস্তুতি এবং কমিউনিটি পর্যায়ের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া। দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে আগাম প্রস্তুতি ও সঠিক কর্মপন্থা অবলম্বনে উৎসাহিত করা।

এছাড়া এই দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ সারা দেশে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজুল আমিন পাপন , উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা আইসিটি অফিসার নীলুফার ইয়াসমীন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপনে নানা ধরনের কৌশল প্রদর্শন করেন। এছাড়া অনেকেই নিজ হাতে আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।