দেবহাটার সখিপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: October 14, 2026 | সময়: 6:44 pm

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

২০২৬—২৭ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্তের আওতায় গৃহীত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, মোখলেছুর রহমান মোখলেস, আবুল হোসেন, ইউপি সদস্যা সাজু পারভিন ও রেহেনা পারভিনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে ইউনিয়নের তিনটি ক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পৃথকভাবে চারটি করে বল দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করা সম্ভব। শরীর ও মন ভালো রাখা এবং মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই।