প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুরে দুর্গাপূজার উপহার বিতরণ

প্রকাশিত: October 14, 2026 | সময়: 6:46 pm

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্ট:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে চার শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও মন্দিরসংশ্লিষ্টদের সহযোগিতা করার কথা জানিয়েছে পরিষদ কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জানান, এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়নি। এবারই প্রথম এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দিনেও এ উদ্যোগ চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।