স্টাফ রিপোর্টার:
শাহীন স্কুলের শাখা বাণিজ্য এবং চাইল্ড কেয়ার স্কুলের শিক্ষক আবুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বেসরকারি স্কুল ঐক্য পরিষদের নেতারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে হাতেখড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিঠুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম মজনু, তমিজুল ইসলাম, রিজা খন্দকার লাকি ও রওনক উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, শাহীন স্কুল একের পর এক অনুমোদনহীন শাখা খুলে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে এবং এর মাধ্যমে অভিভাবকদের প্রতারিত করা হচ্ছে। শিক্ষার নামে এ ধরনের ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিষয়ে সরকারি তদন্তের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রতিহিংসার শিকার হয়েছেন চাইল্ড কেয়ার স্কুলের শিক্ষক আবুল হাসান। একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং একদিন কারাগারে থাকতে হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত এবং শিক্ষকের হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

