লৌহজংয়ে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: October 19, 2026 | সময়: 7:20 pm

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামী আদালতে হাজির ছিল পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো: শাহরিয়ার।মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানে বসবাস করতেন। এ সুযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজেদের বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবাÑএমন অভিযোগে মামলাটি করা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীর বক্তব্য এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম বলেন, আসামী তার নিজ মেয়েকে ধর্ষণ করেছে এবং স্থানীয় লোকজন তাকে আটক করে পরে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড রায় দিয়েছেন। আদালতের রায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।