স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। সে কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে। অপর দুই মাদক ব্যবসায়ী শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) ও রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদের ছেলে জাহাঙ্গীর আলম, সে কেওয়া পূর্বখন্ড গ্রামের মোশারফের বাড়ীর ভাড়াটিয়া।
স্থানীয় বাসিন্দা মোঃ জাহাঙ্গীর মন্ডল জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারের পাশে মোশারফের বাড়িতে এক মাস আগে বাসা ভাড়া নেয় জাহাঙ্গীর নামে এক যুবক। জাহাঙ্গীর বাসা ভাড়া নেয়ার পর থেকেই ওই বাড়িতে মাদক সেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শুক্রবার রাতে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের বিভিন্ন স্থান লুকানো ও সেবনরত অবস্থা থেকে ১২০পিস ইয়াবা উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর আলম বলেন, ঘটনাস্থল থেকে আটক করে থানায় আনার পর পুলিশ সদস্যর পরিচয় নিশ্চিত হই। ইয়াবাসহ আটকের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

