কালিয়াকৈরে আনসার—ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

প্রকাশিত: October 26, 2026 | সময়: 7:24 pm

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার—ভিডিপি) একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমি পরিদর্শনে এসে এসব পণ্য ঘুরে দেখেন এবং এর মান ও উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন।

একাডেমির বিভিন্ন বিভাগ পরিদর্শন
একাডেমিতে পৌঁছালে চার দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানান বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে তাঁরা একাডেমির হস্ত ও কুটিরশিল্প বিভাগ, গার্মেন্টস বিভাগ এবং প্রান্তিক শক্তি ও ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্যের মান ও উৎপাদনব্যবস্থা সম্পর্কে খেঁাজখবর নেন। এসব পণ্য তাঁদের নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে আগ্রহ
পরিদর্শন শেষে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আনসার—ভিডিপি একাডেমিতে কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এসব পণ্যের চাহিদা ও আগ্রহ বাড়ছে।
তিনি আরও জানান, সফরকারী চার দেশের রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত কুটিরশিল্পের পণ্য তাঁদের নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছেন।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতেরা একাডেমিতে পৌঁছান। এ সময় তাঁরা আনসার—ভিডিপির বিভিন্ন কার্যক্রম ও উৎপাদনমুখী উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত ছাড়াও আনসার—ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি—বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।