ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের হুমকি

প্রকাশিত: March 8, 2014 | সময়: 11:28 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তুরস্কে ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোগান। বৃহস্পতিবার রাতে এটিভি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

গত সপ্তাহে বিপুল পরিমাণ অর্থ লুকানোর ব্যাপারে এরদোগান ও তাঁর ছেলের মধ্যকার কথোপকথনের একটি অডিও ইন্টারনেটে ফাঁস হয়। এরপর থেকে এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) বেশ চাপের মুখে রয়েছে।

এরদোগান জানান, ৩০ মার্চের পর ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধের ব্যাপারে নতুন করে পদক্ষেপ নেওয়া হবে। সরকার অবশ্য ইতিমধ্যে ইন্টারনেটে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। বিষয়টি নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন মহলে সমালোচনাও হয়েছে।

তবে এরদোগান ওই অডিওর বিষয়টি অস্বীকার করে বলেন, ৩০ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল এ নিয়ে ‘নিচ’ ও ‘অনৈতিক’ চাল চেলেছে। সূত্র: এএফপি।