রামগড়ে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ এর কালেক্টর আটক

প্রকাশিত: November 4, 2026 | সময়: 8:23 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে দেশীয় তৈরি এলজি ও তাজা কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) ওরফে সত্য নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) জোন কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক সুপায়ন মারমা লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি তাজা কার্তুজ, একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।