বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

প্রকাশিত: November 9, 2026 | সময়: 6:15 pm

বাংলাভূমি ডেস্ক:

বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পড়াশোনার খরচ পাঠাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। একই সঙ্গে বিদেশে চিকিৎসার খরচ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। আগে এ সীমা ছিল ১৫ হাজার মার্কিন ডলার, এখন তা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি বিদেশে পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

পেশাদার ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। এসব খাতে এখন থেকে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের ফরম এফএমজে পূরণ করে ঘোষণা দেওয়ার পর রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।