প্রকাশিত: November 9, 2026 | সময়: 8:18 pm

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত (ছবি—০৩)
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের বোরহান উদ্দিন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএমের সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা বিদায়ী পুলিশ সুপারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তারা তাঁর পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। অনেক পুলিশ সদস্য আবেগাপ্লম্নত হয়ে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, মোঃ মেনহাজুল আলম একজন দক্ষ, মেধাবী ও মানবিক পুলিশ কর্মকর্তা। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক পুলিশিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিক ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি মুন্সীগঞ্জের সাধারণ মানুষের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ কামনা করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিল্লাল হোসেন পিপিএম। পরে পুলিশ লাইন্সের মেসে বিদায়ী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।