মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: November 16, 2026 | সময়: 7:46 pm

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ২০২৬—২৭ অর্থবছরের রবি মৌসুমে সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ—২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো:তাইজুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পৃতীশ চন্দ্র পাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি মো:মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবির কাজল হালদার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ভিপি আনিস ও সদস্যসচিব মহসিন খান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।