সিরাজদিখানে বিয়ের কথা বলে নিয়ে ভাইকে হত্যা, ভাইভাবিসহ গ্রেফতার-৪

প্রকাশিত: November 20, 2026 | সময়: 7:03 pm

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো: আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবিসহ চারজনের বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রে’প্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি বাগানের খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো: সাদ্দাম হোসেন (৩৩), মো: শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (২৪)। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাদ্দাম, শফিকুল ও জাহাঙ্গীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রায় তিন মাস আগে আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণালঙ্কারের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানতে পেরে স্বর্ণালঙ্কার ফেরত চান আলমগীর। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একাধিকবার কথা-কাটাকাটির পাশাপাশি স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে আলমগীরকে তাঁর স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে স্বর্ণ ফেরত না দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে সাদ্দাম ও শফিকুল আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি মিশুক অটোরিকশায় তাঁকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নেওয়া হয়। পথে আরও দুজন তাঁদের সঙ্গে যুক্ত হন। পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, কালিনগরের একটি নির্জন এলাকায় পৌঁছানোর পর আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তিরা। এ সময় আলমগীর চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আ’ঘাত করে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পিবিআই আরও জানায়, তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট এবং দুটি মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রে’প্তার করা যায়নি। এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার নেয় পিবিআই মুন্সীগঞ্জ জেলা। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, পলাতক অভিযুক্তদের গ্রে’প্তারে অভিযান অব্যাহত রয়েছে।