বৃষ্টি নামলেই বন্ধ রোজগার, দুর্ভোগে কালিয়াকৈরের শ্রমজীবীরা

প্রকাশিত: November 21, 2026 | সময়: 8:21 pm

বিশেষ প্রতিনিধি:
সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টিতে ভিজছে গাজীপুরের কালিয়াকৈরের গ্রাম ও জনপদ। বৃষ্টিতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাঁদের রোজগারের চাকা। জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, হরতকিতলা, পল্লী বিদ্যুৎ, বোয়ালী, ফুলবাড়িয়া, শ্রীফলতলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা মাথায় পলিথিন দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বাইরে বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এতে বিপাকে পড়েছেন রিকশা—ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।

কালিয়াকৈর বাজারে বৃষ্টিতে ভিজে মাথায় পলিথিন পেঁচিয়ে ভ্যানগাড়িতে তেলের ড্রাম টানছিলেন এক ভ্যানচালক। বৃষ্টিতে ভেজা মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে একটা ভাড়া পেয়েছি। আয় বলতে তেমন কিছুই হয়নি। তাই বৃষ্টিতে ভিজেই ভাড়া মারছি।’

একই দুর্ভোগের কথা জানালেন ইজিবাইকচালক মো. আতিক হোসেন। তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্ট। কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি। কিন্তু যাত্রী কম থাকায় আয়ও কম হচ্ছে।’

শুধু শ্রমজীবী মানুষই নয়, টানা বৃষ্টিতে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়কে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভেজা রাস্তা ও জলাবদ্ধতার কারণে চলাচল কঠিন হয়ে পড়েছে। তবে জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষ বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন।

তাঁদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়, বৃষ্টি মানেই অনেক সময় এক দিনের আয় হারানোর শঙ্কা। মাথার ওপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে ভেজা পথ-সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটে চলছেন কালিয়াকৈরের খেটে খাওয়া মানুষ।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টির কারণে শহরের ব্যস্ততা কিছুটা কমে এলেও থেমে নেই শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম। কারণ তাঁদের জীবনে কাজ থামলে সংসার থামে, আর আয় বন্ধ হলে অনেক সময় থেমে যায় চুলার আগুন।