গজারিয়ায় চার বছর ধরে হেলে পড়ে আছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা

প্রকাশিত: November 25, 2026 | সময়: 8:35 pm

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
চার বছর ধরে হেলে পড়ে আছে সেতু। হয়নি সংস্কার, নির্মাণ করা হয়নি নতুন সেতুও। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সরু সাঁকো দিয়ে খাল পার হতে হচ্ছে অন্তত নয়টি গ্রামের হাজার হাজার মানুষকে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের ইউসুফ মিয়ার বাড়ি সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটির এমন বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০২২ সালে খননকাজের কারণে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে এটি পশ্চিম দিকে হেলে পড়ে। এরপর থেকে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয়ভাবে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করা হয়। সেই সাঁকোই এখন এলাকার মানুষের একমাত্র ভরসা।
বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, খালের ওপর নির্মিত সরু বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন নারী, পুরুষ ও শিশুরা। সাঁকো দিয়ে চলাচলের সময় সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলেই খালে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারপরও বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন এলাকাবাসী।
সেতুটি দিয়ে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর, কবরস্থান ও চকের বাড়িসহ গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী, দক্ষিণ ফুলদী, সোনাইর কান্দী, নাগেরচর, প্রধানেরচর, আমিরাবাদ, ভৈরবদী, রামদী ও পানশালের চর এলাকার মানুষ যাতায়াত করতেন। সেতুটি হেলে পড়ার পর এসব এলাকার মানুষের যোগাযোগ, কৃষিকাজ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি বেড়েছে।
স্থানীয় বাসিন্দা জসিম বলেন, চার বছর আগে সেতুটি হেলে পড়েছে। দুই ইউনিয়নের অন্তত নয়টি গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কৃষকেরা জমির ফসল বাড়িতে আনতেও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দ্রুত নতুন সেতু চাই।
আকলিমা বেগম বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে শিশুরা এই বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যায়। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আলী মোল্লা বলেন, খাল খননের কারণে ধীরে ধীরে সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে এটি হেলে পড়ে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সেতুটি যেভাবে হেলে পড়েছে, তাতে আর সংস্কার করা সম্ভব নয়। এটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ চার বছরের দুর্ভোগের অবসান ঘটাতে শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।