ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু

প্রকাশিত: March 12, 2014 | সময়: 5:33 pm

বাংলাভুমি২৪ ডেস্ক ॥ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের দু’দিন ব্যাপি বৈঠক শুরু হয়েছে।

বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহাবুদ্দীন পাটোয়ারি। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরবিন্দ মেহতা।

বৈঠক সূত্রে জানা গেছে, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে এর অগ্রগতি বিষয়ে গণমাধ্যমকে জানানো হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।