ভেঙে যাচ্ছে হ্যালি বেরির সংসার!

প্রকাশিত: March 17, 2014 | সময়: 11:00 pm

বিনোদন ডেস্ক ॥ অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী হ্যালি বেরি ও ফরাসি অভিনেতা অলিভিয়ার মার্টিনেজের বিয়ের এক বছর না পেরোতেই তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর প্রকাশ করল যুক্তরাজ্যের ডেইলি মেইল ডটকম।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রচণ্ড কাজের ব্যস্ততার প্রভাব পড়েছে এই তারকা দম্পতির সম্পর্কে। কয়েক মাস ধরে তাঁরা আলাদাভাবে বসবাস করছেন। সম্প্রতি হ্যালির আঙুলে বিয়ের আংটি দেখা না যাওয়ায় জোর গুঞ্জন উঠেছে, বিচ্ছেদের পথেই হাঁটতে যাচ্ছেন হ্যালি ও অলিভিয়ার।

‘রিভেঞ্জ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন ৪৮ বছর বয়সী অলিভিয়ার। আর ‘এক্সট্যান্ট’ নামের নতুন একটি টিভি সিরিজের শুটিং নিয়ে লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সময় পার করছেন ৪৭ বছর বয়সী হ্যালি। গত ডিসেম্বর মাস থেকে জনসমক্ষে একসঙ্গে দেখা যায়নি এ দম্পতিকে।

এবারের অস্কার পার্টিতে হ্যালি হাজির থাকলেও, সেখানে ছিলেন না অলিভিয়ার। শুধু তা-ই নয়, ওই দিন হ্যালির আঙুলে বিয়ের আংটিও দেখা যায়নি।

কাজের ব্যস্ততা নিয়ে হ্যালি বলেন, ‘আমি নতুন একটি টিভি সিরিজে অভিনয় করছি। শুটিং স্পটে অভিনয়ের পাশাপাশি আমার পাঁচ মাস বয়সী সন্তানকেও চোখে চোখে রাখতে হচ্ছে। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন ধরনের এক অভিজ্ঞতা। সব মিলিয়ে অস্বাভাবিক রকমের ব্যস্ততায় কেটে যাচ্ছে আমার সময়।’

২০১০ সালে ‘ডার্ক টাইড’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে হ্যালি ও অলিভিয়ারের মধ্যে। ২০১২ সালের মার্চে বাগদানের ঘোষণা দেয় এ প্রেমিক যুগল। বাগদানের ১৭ মাস পর ২০১৩ সালের ১৩ জুলাই ফ্রান্সে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হ্যালি ও অলিভিয়ার। একই বছরের ৫ অক্টোবর অলিভিয়ারকে ছেলে সন্তান উপহার দেন হ্যালি।

এ ছাড়া সাবেক প্রেমিক ফরাসি বংশোদ্ভূত কানাডীয় মডেল গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে ছয় বছর বয়সী একটি মেয়ে আছে হ্যালির। পাঁচ বছর প্রেম করার পর ২০১০ সালে ৩৮ বছর বয়সী গ্যাব্রিয়েলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন হ্যালি।