মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

প্রকাশিত: March 19, 2014 | সময়: 11:10 am

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন চলছে।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে এক নম্বর ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়।

নিজামীর পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন করছেন।

গত ১০ থেকে ১৩ মার্চ নিজামীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউশন। তাদের যুক্তিতর্ক শেষে ১৪ মার্চ আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

গত বছরের ২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। কিন্তু ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবির অবসরে যান।

এরপর ২৪ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৬ ফেব্রুয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে প্রথম এজলাসে বসেন ট্রাইব্যুনাল-১। সেদিনই ১০ মার্চ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।