৪৩ বছরেও অর্থনৈতিক মুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক: এরশাদ

প্রকাশিত: March 26, 2014 | সময়: 9:29 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাধীনতার ৪৩ বছর পরেও দেশের অর্থনৈতিক মুক্তি না আশায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৪৩ বছর পরও আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি।’

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো মঙ্গলবার এক বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ এ দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার বীরগাঁথার ইতিহাস যুগ যুগ ধরে দেশের আপামর জনগণকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করবে। স্বাধীনতা অর্থবহ করতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া আর কোনো বিকল্প নেই।’

বিবৃতিতে এরশাদ বলেন, ‘ত্রিশ লাখ মানুষের জীবন এবং লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এর সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মুক্তির সুফল ভোগ করতে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সাবেক রাষ্ট্রপতি এরশাদ জাতীয় জীবনের এ শুভ মুহূর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক