বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সুব্রত রায়ের জামিনের জন্য এই মুহূর্তে ১০ হাজার কোটি টাকা সাহারার পক্ষে জোগাড় করা সম্ভব না। সাহারার আইনজীবীরা শীর্ষ আদালতে বৃহস্পতিবারই এ কথা জানিয়েছিলেন । শুক্রবার অবশ্য মালিককে বাঁচাতে সাহারা-কর্মীদের একাংশ চাঁদা তোলার প্রস্তাব দিয়েছেন।
তারা জানিয়েছেন, এক একজন কর্মী যদি অন্তত এক লক্ষ টাকা চাঁদা দেন তা হলে জামিনের অর্ধেক অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা অন্তত তোলা যাবে। সাহারায়ন ই-মাল্টি পারপস সোসাইটি লিমিটেডের ডিরেক্টর তরফে এক পাতার এই আর্জি পাঠানো হয়েছে সাহারার অন্যান্য অধীনস্থ সংস্থার কাছে। সেখানে সাহারা ইন্ডিয়া পরিবারে সকল কর্মীর ও শুভাকাঙ্খীর কাছে এক লক্ষ, দু’লক্ষ বা তিন লক্ষ টাকা-যার যা সামর্থ্য চাঁদা দিতে আবেদন জানানো হয়েছে। যেটা দিয়ে মালিক সুব্রত রায়ের জামিনের কিছুটা পরিমাণ উঠতে পারে।
সাহারার শীর্ষ কর্তারা অবশ্য বলেছেন, ‘সুব্রত রায় বা সাহারা-কর্তৃপক্ষ এমন কোনও আর্জি জানায়নি। মালিকের প্রতি কর্মীদের আবেগের পরিচয় এটা। সাহারাশ্রী এই সংস্থাকে একটি পরিবারের মতো গড়ে তুলেছেন। তাই পরিবারের মাথা যখন সঙ্কটে পড়েছেন, কর্মীরা তাঁর পাশে দাঁড়াতে চেয়েছেন। এরকম বহু চিঠি সারা দেশ থেকে সাহারাশ্রীর জন্য এসেছে। সংশ্লিষ্ট মহল এই বাঁধভাঙা আবেগকে সম্মান জানাবে আশা করি।’
উল্লেখ্য, সাহারা ইন্ডিয়া পরিবারে ১১ লক্ষ কর্মী ও ফিল্ড ওয়ার্কার রয়েছে। সকলে এক লক্ষ টাকা করে চাঁদা দিলে ১১ হাজার কোটি টাকা উঠতে পারে। যা শর্ত সাপেক্ষ জামিনের ১০ হাজার কোটি টাকার চেয়েও বেশি।

