আ.লীগ সমর্থকরা এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে: রিজভী

প্রকাশিত: March 30, 2014 | সময়: 8:38 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগ সমর্থকরা এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি অভিযোগ করে বলেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি স্বরূপ বিভিন্ন এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে। উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিতে তারা মরিয়া। নির্বাচন কমিশন তাদের পক্ষে দায়িত্ব পালন করছে। তাই তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না।

শনিবার সন্ধ্যায় শ্যামলীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আহমেদ বলেন, জনগণ নূন্যতম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে অধিকাংশ স্থানেই বিএনপি প্রার্থীরা জয়ী হতো।

তিনি আরও বলেন, সরকার দলের সমর্থকদের সহিংসতা নিয়ে শুধু বিএনপিই যে অভিযোগ করছে তা নয়, গণমাধ্যমও এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন নির্বিকার। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম