বাংলাভূমি২৪ ডেস্ক ॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল স্নাতক পাস কোর্সের অনলাইনে ভর্তি সংক্রান্ত এক কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
কর্মশালায় সারাদেশের অধিভুক্ত প্রায় ১৭০০ কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনের পর প্রফেসর ড. হারুন-অর-রশীদ বলেন, অনলাইনের মাধ্যমে ভর্তির এ ব্যবস্থা সময়োপযোগী এবং এটি যাতে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে আমি সারাদেশ থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সেশনজটমুক্ত মানসম্মত শিক্ষাই নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে যেসব বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে অনলাইনে মেধার ভিত্তিতে ভর্তির ব্যবস্থা তারই অংশবিশেষ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাডেমিক)। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া (প্রশাসন) ও ট্রেজারার প্রফেসর মো. নোমান-উর-রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নাতক-পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

