বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তল্লাশি চালিয়ে ২০টি ককটেলসহ দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ তল্লাশি অভিযান চলে।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে আছে ৬৫ থেকে ৭০টি লোহার রড, ২টি চাপাতি, ৩টি রামদা, রামচাকু ১টি, ছোরা ১টি ও সাইকেলের গিয়ার ১টি।
এর আগে, শুক্রবার দুপুর আড়াইটায় সূর্য সেন হল শাখার সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সানি (ইতিহাস, চতুর্থ বর্ষ), বেলাল (অর্থনীতি, প্রথম বর্ষ), নাহিদ (অর্থনীতি, প্রথম বর্ষ), ইকবাল, আবু সাঈদ, শাহাজাদ হোসেন ও মনির হোসেন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূর্যসেন হল থেকে ২০টি ককটেল উদ্ধার
এ ঘটনার পর হলে তল্লাশি চালানো হয়।
সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল সংঘর্ষ প্রসঙ্গে বলেন, সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

