স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হুসাইন ভুইঞা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘সেতু কর্তৃপক্ষ আইনটি বিদ্যমান আইনের পরিমার্জিত রূপ। এ আইনে বলা হয়েছে পনেরশ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ করবে সেতু বিভাগ। এর চেয়ে কম দৈর্ঘ্যের সেতু নির্মাণ করবে সড়ক বিভাগ ও এলজিইডি। পনেরশ মিটারের কম সেতু নির্মাণে কোনো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং সড়ক বিভাগের সচিব এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ মর্মে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন পাশ হলে তখন থেকে কর্তৃপক্ষের দুটি অংশ কাজ করবে। এর একটি হলো- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ড। যার চেয়ারম্যান হবেন যোগাযোগমন্ত্রী। দ্বিতীয়টি হলো- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। যার প্রধান হবেন নির্বাহী পরিচালক। এই পরিষদটা হবে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের মতো।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, বাংলাদেশ-চিলির মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন এবং ৯০ দিন অবস্থান করতে পারবেন।
সচিব জানান, ঢাকায় সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের দ্বিতীয় সভার আয়োজন এবং সভার বাংলাদেশে প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
এছাড়া, গত ১৭-১৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেকেন্ড ইসলামীক কনফারেন্স অব ইয়থ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারস-এ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রীপরিষদকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

