খালেদা ইতিহাস বিকৃতি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন: ইনু

প্রকাশিত: June 12, 2014 | সময়: 10:06 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “খালেদা জিয়া ইতিহাস ও বঙ্গবন্ধুকে নির্বাসনে রেখে ইতিহাস বিকৃতি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতা ঘোষক এমন বিভ্রান্ত্রিমূলক ইতিহাস বাজারজাত করার চেষ্টা করছেন।”
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড সুখেন্দু দস্তিদারের (বশির ভাই) ৩৬ তম স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আমরা যখন স্বাধীনতার চেতনায় ফিরে যাচ্ছি। তখন যাত্রাপথে খালেদা ও জামায়াত হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন করে বাধা দূর করতে হবে।”
তিনি আরা বলেন, “সমাজতন্ত্রের ঝাণ্ডা হাতে জঙ্গিবাদের দোসর খালেদাকে প্রতিহত করতে হবে।”
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, “বাংলাদেশে যে উন্নতি হচ্ছে তা ব্যাহত করার জন্য খালেদা-জামায়াত ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র কঠিন আন্দোলনে রুখতে হবে এবং তারা যেন কোনো সময় ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবার সোচ্চার থাকতে হবে।”
দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সভাপতিত্বে আরো বক্তব্য দেন-দলের নেতা হারুন চৌধরীসহ অন্য নেতারা।