বিনোদন ডেস্ক ॥ ‘মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ট্যালেন্ট ২০১৪’-এর আসরে সম্প্রতি অংশ নিয়েছিলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী ইতিশা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এবারের আসরে ৫০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বলেন, মডেলিংয়ের জন্য ফিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা বুঝতেই মূলত বিকিনি রাউন্ডের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে বিকিনি রাউন্ড তো থাকবেই।
ইতিশা বলেন, প্রতিযোগিতার সব নিয়ম মেনেই আমরা সেখানে অংশ নিই। আমি বিকিনিতে কোনো সমস্যা দেখি না। আর সাধারণ পোশাকের মতোই এটি। এ নিয়ে বাইরের দেশগুলোতে এত মাতামাতি হয় না। আমাদের দেশেই যত সমস্যা।
সিনেমা ও মডেলিংয়ের পাশাপাশি ইতিশা নাটকেও অভিনয় করেছেন। তাঁর প্রথম নাটক ‘দিকহার’। বাংলাদেশের চ্যানেল আই ও পশ্চিমবঙ্গের রূপসী বাংলা চ্যানেলের যৌথ প্রযোজনার এ নাটকে ইতিশা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়া জোহরা আবির খানের ‘রাজকন্যা’ এবং আজিজুল হাকিমের ‘নিজ গৃহে পরবাসী’ ধারাবাহিক দুটিতে অভিনয় করেছেন ইতিশা।

